নির্বাচন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। দেশের কোটি মানুষের মনে জন্ম হয়েছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও অদম্য চেতনা সেই নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ ছোটো-বড় বিভিন্ন দল ইতোমধ্যেই ইশতেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তবে প্রশ্ন উঠছে, এসব ইশতেহারে কতটুকু গুরুত্ব পাচ্ছে জুলাই বিপ্লবের চেতনা, কতটুকু প্রতিফলিত হচ্ছে ইনসাফভিত্তিক দেশ গঠনের আকাঙ্ক্ষা, এবং ভোটারদের জন্য সামনের দিনের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য।
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পরিপূরকভাবে প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি। কিছু দল পুরোনো ইশতেহার কপি করে ফ্যামিলি ভাতা বা ভাতানির্ভর প্রতিশ্রুতির কথা বলছে, যা আমাদের কর্মশক্তিকে একপেশে করার ঝুঁকি তৈরি করে। আমরা চাই কোটায় নয়, মেধা ও কাজের ভিত্তিতে মানুষ এগিয়ে যাবে। এ জন্য সবার আগে শিক্ষানীতির মৌলিক পরিবর্তন জরুরি। অন্যদিকে জামায়াতে ইসলামির ত্রয়োদশ নির্বাচনী ইশতেহারে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন থাকলেও পরিবেশ ও জলবায়ু সংকটের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি। এছাড়া নারী শিক্ষার প্রসঙ্গে নতুন নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা আরও বিস্তৃতভাবে করা যেতে পারে। সব মিলিয়ে ইশতেহারগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রে রূপ দেওয়ার প্রত্যাশাই আমাদের।