আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, মানব ইতিহাসে যতগুলো পেশা আছে তার মধ্যে সবচেয়ে দায়িত্বপূর্ণ পেশা হচ্ছে আইন পেশা। একজন মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই অধিকারের ভিতরে অন্যতম একটা অধিকার হচ্ছে নিজের প্রাপ্যতা, সেটা যাতে নিশ্চিত হয়। মানুষ দুনিয়াতে আসার পরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা-এই বিষয়গুলোর নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই সবকিছু ঠিক করে নিয়েছেন। কিন্তু আমরা মানব রূপী কিছু মানুষ, যাদেরকে আসলে মানুষ বলা হয়, আদতে কিন্তু তারা মানুষের অধিকার হরণ করে। মানুষের জীবিকাকে তারা ছিনতাই করে। এই অবস্থা থেকে মানব সমাজকে মুক্তি দেওয়ার জন্য আইনের যে প্রয়োগ, সেটা সবচেয়ে প্রণিধানযোগ্য।

গতকাল সন্ধ্যায় নগরীর খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে আইআইইউসি’র আইন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মাহবুবুর রহমান আরও বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে শুধু পুরস্কারের ঘোষণাই করেননি, শাস্তিরও ব্যবস্থা রেখেছেন। সেজন্য মানুষের জন্য কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থার পরে তাদের জন্য দোজখ এবং বেহেশত দুটি জিনিস রেখেছেন। কেউ যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামীনের বিধানকে, আইনকে যদি প্রয়োগ করে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামগ্রিকভাবে মানব জীবনে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামীন পুরস্কার হিসেবে বেহেশত নির্ধারিত করে রেখেছেন। একই সাথে কেউ যদি আল্লাহর এই বিধানগুলো সঠিকভাবে না মেনে চলে, তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, সেটা হচ্ছে জাহান্নাম। সকলেরই দায়িত্ব হবে প্রকৃত বিচার ব্যবস্থা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যারা আইনজীবী, আমাদের দায়িত্ব হবে সত্যটা তুলে ধরে যারা নির্যাতিত, তাদের পক্ষে দাঁড়ানো।

আইন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, এলএলএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর মহি উদ্দীন, সহযোগী অধ্যাপক মনজুর হোসেন পাটোয়ারী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ কলিমুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক তাইজুন্নেসা তরু, প্রভাষক মোহাম্মদ খাব্বাব তকি ও প্রভাষক মো. মুসা। প্রেসবিজ্ঞপ্তি।