ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীনে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ। উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষাখাতে নতুন রূপান্তর এনেছে। পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ডুয়েট শিক্ষার্থীরা এ ল্যাবের মাধ্যমে গবেষণা, পাঠদান ও নীতি প্রণয়নে দক্ষ হবে। ল্যাবটি দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে।’ প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ল্যাবটি ডুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করবে এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। এতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় ডুয়েটের ভবিষ্যৎ অবদান আরও উজ্জ্বল হবে।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ল্যাবটি হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত বাংলাদেশের প্রথম এ ধরনের প্রতিষ্ঠান, যা শিক্ষাখাতে নীতি প্রণয়ন, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষাঙ্গন
ডুয়েটে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীনে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে।