ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক (অ:দা:) ভাইস-চ্যান্সেলরের নিকট পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চার বর্ষে মোট ১৯,০৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করে এবং ১২,৩৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০,২৭২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ৩৩০ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। এছাড়া ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। পরীক্ষায় সার্বিক পাসের হার ৮২.৯৮ শতাংশ।বর্ষভিত্তিক ফলাফলে দেখা যায়— প্রথম বর্ষে ৩,৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,২২০ জন উত্তীর্ণ হয়েছে। যেখানে পাসের হার ৮১.৪২ শতাংশ। দ্বিতীয় বর্ষে ৩,১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৬৫১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮৫.০২ শতাংশ। তৃতীয় বর্ষে ৩,০৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৫৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৯৩ শতাংশ এবং চতুর্থ বর্ষে ২,২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮৭০ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৫৬ শতাংশ। ফলাফল ঘোষণা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফলের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ০৬ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১১ জানুয়ারি ২০২৬ মৌখিক পরীক্ষা সমাপ্ত হয়। প্রকাশিত ফলাফলের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসা ww w.iau.edu.bd পাওয়া যাবে। প্রেসবিজ্ঞপ্তি।