পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব"এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২০২৬”।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি )রাতে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআনের বার্তা সহজভাবে পৌঁছে দেওয়া এবং অনুবাদভিত্তিক পাঠে আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যেই এ আয়োজন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমাদান মাসে অনলাইন মাধ্যমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে।
প্রতিযোগিতার সিলেবাসে রাখা হয়েছে পবিত্র Quran–এর গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা ও অংশের অনুবাদ। এর মধ্যে রয়েছে সুরা ইয়াসিন, সুরা ওয়াকিয়াহ, সুরা আর-রহমান, সুরা আল-মুলক এবং ৩০তম পারার অনুবাদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৬,০০০ টাকা, বই ও উপহার। দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা, বই ও উপহার এবং তৃতীয় পুরস্কার ৪,০০০ টাকা, বই ও উপহার। এছাড়া চতুর্থ থেকে ষষ্ঠ পুরস্কার ২,০০০ টাকা করে, সপ্তম থেকে দশম পুরস্কার ১,০০০ টাকা করে দেওয়া হবে। ১১তম থেকে ২০তম স্থান অধিকারীরা পাবেন ৫০০ টাকা, বই ও উপহার এবং ২১তম থেকে ৩০তম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে বই ও উপহার সামগ্রী।
আয়োজকরা জানান, রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ রমাদান, ১৫ মার্চ ২০২৬। প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ রমাদান, ১৮ মার্চ ২০২৬, দুপুর ২টায়। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ঈদের পর চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।