গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নিয়ন্ত্রিত পরিবেশে অটোমেশন প্রযুক্তির মাধ্যমে দ্রুত প্রজনন ও বছরব্যাপী টেকসই ফসল উৎপাদন বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে হিট প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। শিল্পখাতের অংশীদার হিসেবে সিনজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিক আক্কাস উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক, প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গবেষণার প্রয়োগ নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়ন্ত্রিত পরিবেশে অটোমেশনভিত্তিক গবেষণা সময়ের দাবি। এ ধরনের প্রযুক্তি কৃষিকে আরও উৎপাদনশীল, দক্ষ ও টেকসই করে তুলবে।