গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘হুজ হু’ বিশ্বব্যাপী স্বীকৃত একটি উদ্যোগ, যেখানে বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের জীবনগাঁথা ও অবদান তুলে ধরা এবং সম্মাননা প্রদান করা হয়।
গত ১৮ এপ্রিল রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা ও সাহিত্যসহ ১২টি ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ‘হুজ হু বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম ও সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ভিসি বলেন, এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের কৃষি গবেষণা ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি টেকসই কৃষি উন্নয়ন, মৃত্তিকা স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগকে ভবিষ্যতের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান দেশের একজন স্বনামধন্য মৃত্তিকা বিজ্ঞানী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে মৃত্তিকা স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পরিচালিত বিভিন্ন প্রকল্প দেশের টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘হুজ হু’ গুণীজনদের স্বীকৃতি দিয়ে আসছে এবং বাংলাদেশে ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এ সম্মাননা প্রদান করা হচ্ছে, যার লক্ষ্য কৃতী ব্যক্তিদের অনুপ্রেরণাদায়ী অবদান তুলে ধরা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করা।