ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহিদ আবুসাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপাচার্য নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের ধারাবাহিকতায় পঞ্চম শিল্পবিপ্লবের প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে ডুয়েটকে আরও এগিয়ে নিতে হবে। তিনি চলমান এম-ডুয়েট প্রজেক্ট ও গবেষণা কার্যক্রমকে নতুন বছরে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পিঠা উৎসব ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামীণ ঐতিহ্যের সমৃদ্ধ উপস্থাপনা ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।