জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রো-ভিসি (প্রশাসন) ও প্রো-ভিসি (শিক্ষা) পদে নতুন করে দুই অধ্যাপককে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
শনিবার (৬ জুন) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে প্রো-ভিসি (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, ততদিন তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার বিষয়টিও নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এত বড় দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণ এবং শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।
অন্যদিকে প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমাকে এ দায়িত্ব দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব।
নতুন দুই প্রো-ভিসির নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি ও কার্যকর নেতৃত্ব আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।