জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা এবং রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ সারাদেশে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখা।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জামান বলেন, " আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি নিরাপদ দেশের দাবিতে। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে নারী ও শিশুরা ভয় ছাড়া চলাফেরা করতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে আজ দেশের প্রতিটি জায়গায় নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিসার ওপর যে নির্মম হামলা হয়েছে, তা শুধু একটি ঘটনার নাম নয়; এটি দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলার প্রতিচ্ছবি। একইভাবে নিষ্পাপ শিশুদের ওপরও ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ আমরা কার্যকর বিচার দেখতে পাচ্ছি না।"
আরও বলেন, "আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই— মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? নিরাপদে বেঁচে থাকা আমাদের অধিকার, দয়া নয়। আমরা জোর দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারী বা শিশু এমন সহিংসতার শিকার না হয়। জাস্টিস ফর রামিসা, জাস্টিস ফর অল উইমেন।"
জাবি শিক্ষার্থী আফরোজা বলেন, "সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ আমি বলতে চাই— নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। প্রতিদিন এমন ঘটনা আমাদের সমাজ ও মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। আজ একটি শিশু, একজন বোন, একজন মা— কেউই যেন নিরাপদ নয়। আমরা এখানে শুধু প্রতিবাদ করতে আসিনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে এসেছি। শিক্ষার্থীরা কখনো অন্যায়ের সামনে নীরব থাকবে না। আমরা প্রতিশোধ নয়, সুষ্ঠু বিচার চাই। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী সম্মানের সঙ্গে বাঁচবে, শিশুরা নিরাপদে বেড়ে উঠবে এবং সবাই মানবিক সমাজে বসবাস করতে পারবে।"
এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি বলেন,"আমরা আজ এখানে দাঁড়িয়েছি সারাদেশে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে। সম্প্রতি শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং বনশ্রীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। এসব ঘটনা প্রমাণ করে, আজ এদেশের নারী ও শিশুরা নিরাপদ নয়। আমরা বারবার দেখছি ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তনু হত্যা, পূজা হত্যা কিংবা অন্যান্য বহু ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে আছে। ফলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেন,"একইভাবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরাপত্তাহীনতা বাড়ছে। বহিরাগতদের অবাধ চলাচল ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের আতঙ্কিত করছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই— নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আর কোনো রামিসা, তনু বা পূজার লাশ দেখতে চাই না।"