স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর আইকিউএসি উদ্যোগে 'বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা: বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র্যাংকিং অর্জনের কৌশল' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিসি, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, সময়োপযোগী কারিকুলাম, আধুনিক পাঠদান কৌশল ও আউটকাম বেইসড এডুকেশন ছাড়া মানসম্মত উচ্চশিক্ষা সম্ভব নয়। দায়িত্বশীল শিক্ষকতাই উচ্চশিক্ষার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও আন্তর্জাতিক র্যাংকিং এগিয়ে যাবে। শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জব মার্কেটের চাহিদার সঙ্গে কারিকুলামের সামঞ্জস্যের ওপরও তিনি গুরুত্ব দেন।
আইকিউএসি পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. ফারুক এম. শেখ। তিনি বলেন, আন্তর্জাতিক র্যাংকিং ব্যবস্থাকে নিজস্ব বাস্তবতা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রহণ করলেই তা উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির সাতটি স্কুল থেকে ৪০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।