বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৬ শুক্রবার (২৪ এপ্রিল)থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট ১৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে এবারের পরীক্ষায় অংশ নেবে ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী শিক্ষার্থী রয়েছে, যা বাউবির উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রসমূহে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বাউবির ভিজিল্যান্স টিম মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।