ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে ‘ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফেয়ার-২০২৬’ এবং ‘ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ এডুকেশন ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস: গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অ্যান্ড ন্যাশনাল পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং বুয়েটের অধ্যাপক ড. এ. এস. এম. এ. হাসিব উপস্থিত ছিলেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের দুই শতাধিক সমাপনী বর্ষের শিক্ষার্থী পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত সেমিনারে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়ার সমন্বয়ে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ডুয়েট শুধু প্রকৌশলী নয়, সমাজের পরিবর্তনকারী নেতৃত্ব তৈরি করছে। শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও ভার্চুয়াল রিয়্যালিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধানে কাজ করছে। তিনি দেশের মেগা প্রকল্পগুলোতে দেশীয় মেধাবী প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা তৈরির পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা সক্ষমতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা আরও সমৃদ্ধ করবে। গবেষণা ও সম্প্রসারণের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান শিক্ষার্থীদের ভবিষ্যতের গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।