বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পুতুল বিয়ে উৎসব। রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানট ভবনে শিশুদের অংশগ্রহণে এই উৎসব অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসব সবার জন্য উন্মুক্ত।

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক মরিয়ম ইউসুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে।

বিদ্যালয়সূত্রে জানা গেছে, তিন মাসের কর্মশালা শেষে এই উৎসব করা হচ্ছে। বিদ্যালয়ের নিয়মিত শিশু শিক্ষার্থীদের সঙ্গে আগ্রহী অন্য শিশুরাও এই কর্মশালায় অংশগ্রহণ করে। আর কর্মশালায় অংশগ্রহণকারীরাই নিজেদের শিল্পকর্ম প্রদর্শন করবে উৎসবে।

কর্মশালায় মাটি, ক্লে, কাগজ, কাপড় দিয়ে পুতুল বানানো ও আঁকতে শিখেছে শিশুরা। জেনেছি দেশ-বিদেশের নানারকম পুতুল নিয়েও। নাচে গানে কবিতায় এসব আয়োজন থাকবে উৎসব।