স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, কেবল ভালো ফলাফল নয়, বরং সততা, ন্যায়পরায়নতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে স্বপ্ন দেখার সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক-শিক্ষিকা ও ৫৩ জন বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব), মোহাম্মদ আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন এবং বিদায়ী ব্যাচের পক্ষে মারিয়া সুলতানা আবেগঘন বক্তব্য প্রদান করেন। আমন্ত্রিত অতিথিরাও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য দেন।
এক পর্যায়ে ভিসি শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। শেষে কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের সফলতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল এবং শেষ হবে ২০ মে।