ববি সংবাদদাতা : বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তামিম হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তামিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দপদপিয়া সেতুর ওপর। ঢাকা থেকে বরগুনাগামী 'গ্রিনবিউ' পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি যাত্রীবাহী অটোকে চাপা দেওয়ার চেষ্টা করে।

এ সময় অটোরিকশায় থাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সামিউল এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিলয় আঘাতপ্রাপ্ত হন। বাসের চাপে সেতুর রেলিংয়ে লেগে সামিউলের হাত কেটে যায়। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা বাসটি আটক করেন এবং চালককে তাৎক্ষণিক মারধর করেন।

আহত শিক্ষার্থী সামিউল ঘটনার বর্ণনা দিয়ে বলেন,"আমরা ব্রিজের ওপর অটোতে ছিলাম। গ্রিনবিউর বাসটি আমাদের ব্রিজের ওপর চাপা দেয়। ব্রিজের রেলিংয়ের সাথে চাপ লেগে আমার হাত কেটে গেছে।"

আরেক আহত শিক্ষার্থী নিলয় বলেন, "আল্লাহ আমাদের কোনোমতে রক্ষা করেছেন। আমরা চাই এই দপদপিয়া সেতুর ওপর দুর্ঘটনা আর না ঘটুক। এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন।"

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে কথা বলেন। তিনি আরো বলেন,আমরা এই সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছি। তবে দপদপিয়া ফেরিঘাটের পাশে যে বিকল্প ব্রিজটি হওয়ার কথা রয়েছে, সেটি সম্পন্ন হলেই এই রুটে দুর্ঘটনার স্থায়ী সমাধান সম্ভব হবে।"

ঘটনা সমাধানে বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।