গাজীপুরের দুই গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে। ডুয়েটে বহিরাগত উপাচার্য নিয়োগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগের গুঞ্জনকে কেন্দ্র করে শিক্ষক সমাজে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ডুয়েট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির নতুন ভিসি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের খবর প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।