ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭৫ বছর পূর্তিতে বর্ণিল আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ২২ মার্চ মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও দ্বিনী শিক্ষার অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে সকাল ৯টায় উপস্থিতি ও উপহার গ্রহণ, সকাল ১০টায় আনন্দ র‌্যালি, সকাল ১১টায় আলোচনা সভা, দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, বিকেলে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সভাপতি ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন।

রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ।

শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, বাউসমারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মজিদ এবং সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন মন্ডল।

অন্যান্যদের মধ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মাদরাসার এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।