ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান জানান, নির্বাচিত রাজনৈতিক সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এখনই দায়িত্ব ছাড়ছেন না বলে জানান।
তার ভাষ্য, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেওয়া হয়নি এবং নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাবেন।
তিনি আরও জানান, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের সুযোগ থাকা উচিত, আর সেই নীতির প্রতি সম্মান জানাতেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন।
পরে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।