জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান বিভিন্ন ইস্যুতে ভিন্নমত প্রকাশ করায় কয়েকজন শিক্ষার্থীকে “পটেনশিয়াল রেপিস্ট” আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার (১৮ মে) সকালে দাখিল করা অভিযোগপত্রে শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে একদল শিক্ষার্থীর ‘অপ-রাজনীতি’ এবং প্রক্টরের পদত্যাগ দাবির বিরোধিতা করে তারা একটি ভিডিও কনটেন্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই কনটেন্টে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলেও পরবর্তীতে একটি পক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
অভিযোগে বলা হয়, চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আলম লামিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের “পটেনশিয়াল রেপিস্ট” হিসেবে উল্লেখ করেন। এছাড়া বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অন্য শিক্ষার্থীদের উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেন।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে আন্দোলন, মতভেদ ও মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাকে এমন গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত হিসেবে আখ্যায়িত করা মানহানিকর, অযৌক্তিক এবং মানসিকভাবে পীড়াদায়ক।
তাদের ভাষ্য, ভিন্নমতের কারণে এ ধরনের ট্যাগিং, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশের পরিপন্থী। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধেও একই ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী শিক্ষার্থীরা।
তবে এবিষয়ে অভিযুক্ত ফারহানা আলম লামিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কিছু বলতে রাজি হননা।