স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস)-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্ভিস খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার ডুয়েটের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই এমওইউ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ভাইস চ্যান্সেলর বলেন, এই এমওইউ উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ডুয়েট ও পিপিএনএস-এর যৌথ উদ্যোগ উচ্চশিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় বাড়াবে।

ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং পিপিএনএস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাচমাদ ত্রি সেলিস্তিজিনো, এস.টি., এম.টি.। এ সময় পিপিএনএস-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আনিস মুসতাগফিরিন, এস.টি., এম.টি.।

এমওইউ-এর আওতায় যৌথ গবেষণা ও প্রকাশনা, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, পারস্পরিক ল্যাব ও ওয়ার্কশপ ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।