জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় মেধা তালিকায় সুযোগ পাওয়া আর্থিক সংকটে থাকা ৯ শিক্ষার্থীর সম্পূর্ণ ভর্তিব্যয় বহন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘ইচ্ছা’।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১ম ও ২য় মেধা তালিকা থেকে ৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানোর পর ৩য় মেধা তালিকার আরও ৪ জন শিক্ষার্থী ভর্তির ফি সহায়তার জন্য আবেদন করে। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তাদের ভর্তিও সম্পন্ন করা হয়।

১ম ও ২য় মেধা তালিকায় সুযোগ পাওয়া ৫ শিক্ষার্থী প্রাণিবিদ্যা, রসায়ন, মাইক্রোবায়োলজি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছেন। অন্যদিকে ৩য় মেধা তালিকার ৪ শিক্ষার্থীর মধ্যে একজন রসায়ন, একজন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, একজন তুলনামূলক সাহিত্য এবং একজন ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ৩য় মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও নবাব সলিমুল্লাহ হলের প্রভোস্ট ড. বোরহান উদ্দীন, রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ছাত্রসংসদ এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শুভাকাঙ্ক্ষী সহযোগিতা করেছেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. তারিফ জামান বলেন, “আমি প্রথমে সকলকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাদের সহায়তা করেছেন। একই সঙ্গে আমাদের সংগঠনের সকল সদস্যকে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। এবার আমরা রেকর্ড সংখ্যক শিক্ষার্থীকে ভর্তিতে সহায়তা করতে পেরে আনন্দিত। আশা করি, আমাদের এই মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, “জাবিয়ান বন্ধনে আস্থা রেখে আমি বলতে পারি, আর্থিক সংকটে কেউ জাবিতে ভর্তি হতে পারবে না—এমন ঘটনা আমরা ঘটতে দেব না, ইনশাল্লাহ। আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ২০২৫-২৬ সেশনের ৯ জনসহ ৫১ থেকে ৫৫ ব্যাচ পর্যন্ত মোট ২৬ জন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তিব্যয় বহন করেছে ‘ইচ্ছা’।