জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে এবং সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

তারা অভিযোগ করেন, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা উদ্বেগজনক। একইসঙ্গে নরসিংদী, পাবনা ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অপরাধীদের আশ্রয়দাতা ও মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।