বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাহানুর রহমান সাঞ্জু। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের প্রাথমিক দলে সুযোগ পাওয়ায় নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে।
সাঞ্জু জানান, ২০২১ সালে সর্বশেষ নিয়মিত প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার-ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গিয়ে পায়ের লিগামেন্টে চোট পান। পরে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে ফিরতে ২০২৩ সালের বেশিরভাগ সময় চলে যায়।
শাহানুর রহমান সাঞ্জু বলেন, “২০২১ সালে লাস্ট খেলছি। এরপর ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার-ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর সার্জারি করে ঠিক হয়ে মাঠে নামতে নামতে ২০২৩ সালের বেশিরভাগই শেষ হয়ে যায়। পরে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে শুরু করি।”
জাতীয় দলে ফেরার প্রচেষ্টার বিষয়ে সাঞ্জু বলেন, “এরপর ২০২৪ সালে জাতীয় দল মালদ্বীপে খেলতে যায়। সেবার আমার জায়গা হয়নি। আমি তখনও নিজেকে সেরা হওয়ার দৌড়ে তৈরি করছিলাম। এরপর ২০২৪ সালের শুরুর দিকে নেপালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর হয়ে 3x3 খেলার মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফেরত আসি।”
তিনি আরও বলেন, “তারপর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের আর কোনো টুর্নামেন্ট হয়নি। যা হয়েছে, সব দেশের অভ্যন্তরীণ পর্যায়ে। এবার প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আবার জায়গা হলো।”
দীর্ঘ চোট ও মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরতে পারাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সাঞ্জু। এখন চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য।