‘নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে’- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে সম্পন্ন হয়েছে দশ দিনব্যাপী ‘৮ম নবীন ও আহনাফ তাহমীদ খান রাইয়ান স্মারক ১৯তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে গত ১ মে এই বিতর্ক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ মে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃহল বিতর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ওয়ারা তালহার আহ্বায়নে ১০ মে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃহল বাংলা বিতর্কে বিচারকদের ৩-২ ব্যালটে ফজিলাতুন্নেছা হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন সাহেদ হোসেন, আসিফ আল ইমরান এবং অভিষেক শর্মা। রানার্সআপ ফজিলাতুন্নেছা দলের হয়ে লড়েন আফিয়া ইবনাত সামিহা, সানজানা ইসলাম মৌ এবং রিদওয়ানা ইসলাম। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন সাইমুন রশীদ ইলহাম, শেখ মোহাম্মদ মওয়াজ এবং আফিয়া ইবনাত সামিহা। এর মধ্যে ফাইনালের সেরা বিতার্কিকের পুরস্কার জেতেন আফিয়া ইবনাত সামিহা।

অন্যদিকে, আন্তঃহল ইংরেজি বিতর্কে শেরে বাংলা এ কে ফজলুল হক হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবাব সলিমুল্লাহ হল। বিজয়ী দলের সদস্যরা হলেন মুনতাসিব রায়হান অন্তর এবং আল বেরুনী রাজন। রানার্সআপ দলের হয়ে অংশ নেন আল নাহিয়ান ও তাফহিমুল হোসাইন। এই প্রতিযোগিতায় অপর দুই ফাইনালিস্ট ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন গোলাম মোর্শেদ আকিব এবং ফাইনালের সেরা বিতার্কিক হন মুনতাসিব রায়হান অন্তর।

এর আগে গত ১ ও ২ মে অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহার আহ্বানে অনুষ্ঠিত হয় ৮ম নবীন বিতর্ক। বাংলা এশিয়ান সংসদীয় ও ইংরেজি ব্রিটিশ সংসদীয় ফরম্যাটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। নবীন বাংলা বিতর্কে সেরাদের সেরা বিতার্কিক হন ৫৪ ব্যাচের মো. তাশফিকুর রশীদ তূর্য। এছাড়া সেরা ১২ জনের তালিকায় ছিলেন মোর্তুজা নূর, হাসিন আল ফাহাদ, রাফিয়া আজরা, চৈতী বিশ্বাস সেতু, শুভাশীষ রয় প্রান্ত, শেহজাদ সামীর অরিত্র, টি এম নাছের আল মানছুর, মনীষা নবি সোনার, তাহসিন শৈলী এবং সামিহা সাদাফ।

অপরদিকে, নবীন ইংরেজি বিতর্কে সেরাদের সেরা বিতার্কিক নির্বাচিত হন ৫৪ ব্যাচের হাসিন আল ফাহাদ। এ বিভাগে সেরা ১০ জনের তালিকায় স্থান পান মো. আহসান করীম চৌধুরী, মোর্তুজা নূর, রাফিউ ইসলাম, আব্দুল্লাহ মাহদি, মো. তাশফিকুর রশীদ তূর্য, সামিন ইয়াসির, সাদিয়া ইয়াসমিন, মনীষা নবি সোনার এবং মাহফুজ আলম।

আয়োজনের বিষয়ে জেইউডিওর সভাপতি আল লুবান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তিবাদী মানসিকতা বিকাশ এবং বিতর্ক চর্চার এই ধারা বজায় রাখতে জেইউডিওর নিরন্তর প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশেদুল আলম, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. জামাল উদ্দিন রুনু, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।