নির্বাচন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। দেশের কোটি মানুষের মনে জন্ম হয়েছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও অদম্য চেতনা সেই নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ ছোটো-বড় বিভিন্ন দল ইতোমধ্যেই ইশতেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তবে প্রশ্ন উঠছে, এসব ইশতেহারে কতটুকু গুরুত্ব পাচ্ছে জুলাই বিপ্লবের চেতনা, কতটুকু প্রতিফলিত হচ্ছে ইনসাফভিত্তিক দেশ গঠনের আকাঙ্ক্ষা, এবং ভোটারদের জন্য সামনের দিনের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য।

জুলাই বিপ্লব আমাদের কাছে কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের এক শক্তিশালী হাতিয়ার। তাই রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতিফলন থাকা জরুরি। তরুণদের প্রধান দাবি হলো মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস এবং কর্মসংস্থানের বাস্তব সুযোগ সৃষ্টি। শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না, সেগুলো বাস্তবায়নের স্পষ্ট রূপরেখাও থাকতে হবে। পাশাপাশি নীতিনির্ধারণে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে। তবেই জুলাই বিপ্লবের চেতনা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে।