স্টাফ রিপোর্টার, গাজীপুর ঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল। এছাড়া বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ও নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেলের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন এবং ইনোভেশন সেলের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ওয়াশিংটন অ্যাকর্ডের সদস্য হওয়ার মাধ্যমে দেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতির পথ আরও সুগম হয়েছে। অ্যাকর্ডভুক্ত দেশগুলোতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি বর্তমানে সিও-পিও ম্যাপিং বাস্তবায়নকে সহজ ও কার্যকর করেছে। শিক্ষা, গবেষণা, প্রকাশনা, উদ্ভাবন, র‌্যাংকিং উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডুয়েটকে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।’

সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, ‘বর্তমানে কোর্স ও প্রোগ্রাম আউটকামভিত্তিক শিক্ষা পদ্ধতি বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সিও-পিও ম্যাপিং বাস্তবায়নের বিকল্প নেই। আজকের কর্মশালাটি সেই লক্ষ্য অর্জনের উপায় নিয়েই আয়োজন করা হয়েছে।’

অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, আন্ডারগ্র্যাজুয়েট কোর্স কো-অর্ডিনেটর এবং প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।