গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ডিভিএম ১২তম ব্যাচের চারর্থ বর্ষের দুই বিদেশি শিক্ষার্থীসহ ৫৯ জন ভেটেরিনারি শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। নাভানা ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক উদ্যোক্তা মোঃ মাসুদুর রহমান। শিক্ষার্থীরা কিট প্রাপ্তির পর তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রধান অতিথি হাতে কিট বিতরণ করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই কিট বক্স শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও প্রফেশনাল ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

নাভানা ফার্মার প্রতিনিধি ডা. মোঃ তৌফিক মাহমুদ পাভেল শিক্ষার্থীদের কিটের সঠিক ব্যবহার ও বাস্তব প্রয়োগে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব উপলব্ধি এবং ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়।