স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সদ্য নিয়োগপ্রাপ্ত নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন ট্রেনিং (পরিচিতিমূলক প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইনস্টিটিউটের প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এ কর্মসূচি ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ধান-ভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম।

এছাড়াও বিভাগীয় প্রধানদের পক্ষে কৃষিতত্ত্ব বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মো. আবু বকর সিদ্দিক সরকার এবং ফলিত গবেষণা বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন। বক্তারা ব্রির গবেষণা দর্শন, চলমান গবেষণা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাগত দায়বদ্ধতা বিষয়ে নবনিযুক্তদের দিকনির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি তাঁদের অনুভূতি প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কাওছার আহমেদ।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তারা ব্রির বিভিন্ন বিভাগ, শাখা ও গবেষণাগার পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। এতে করে তাঁদের পেশাগত অভিযোজন প্রক্রিয়া সহজ হবে এবং গবেষণা কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হতে সহায়ক ভূমিকা রাখবে।