গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।

মতবিনিময় সভায় ১৭টি সরকারি ও ৬৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, শিক্ষার্থী প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কে নাগরিকদের মধ্যে স্পষ্ট ও ইতিবাচক ধারণা তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তিনি জানান, ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস্টারভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত করে সমন্বিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, জাতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে এসেছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'দেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে নাগরিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণভোট সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।'