খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালির বাসভবন ঘেরাও করে সাক্ষাতের জন্য সময় বেধে দেওয়া এবং সাক্ষাৎ না করায় তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে কুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে ছাত্রদের সরিয়ে নিয়ে যায়। কুয়েট ভিসি প্রফেসর ড. মাকসুদ হেলালি জানান, জাতীয় নির্বাচনে ভোট দিতে তিনি ঢাকায় গিয়েছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ক্যাম্পাসে ফিরে আসেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ ও কুয়েট কর্মচারী ইমদাদ মোড়ল ১৫/২০ জনকে নিয়ে তার বাসভবনের সামনে আসেন। তারা ভিসির সাথে দেখা করতে চেয়ে হইচই করেন।

ভিসি শারীরিক ভাবে অসুস্থ বিধায় তাদেরকে অফিস টাইমে সাক্ষাৎ করতে বলে পাঠালে তারা উত্তেজিত হয়ে ব্যাপক হট্টগোল করে। তাদের সাথে সাক্ষাতের জন্য ৫ মিনিট সময় বেধে দেয়। নিরাপত্তাহীন বোধ করায় তিনি পুলিশ কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফোন করেন।

পরে তারা প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ঝুলিয়ে দেয়। ব্যানারে 'আওয়ামী দোসর আলমগীরের সহযোগী ভিসি ড. মো: মাকসুদ হেলালিকে কুয়েট ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো - সাধারণ শিক্ষার্থীবৃন্দ' লেখা ছিল।

অভিযোগ প্রসঙ্গে জানতে কুয়েটের ইসিই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমরা সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। উনি দেখা না দিয়ে লুকোচুরি করেন। দায়িত্ব নিয়ে আসার শুরু থেকেই ছাত্রদের সাথে তার দূরত্ব রয়েছে। আমাদের কোন সমস্যা সংকটে তার সহযোগিতা পাইনা। এই ক্যাম্পাসে তিনি আওয়ামী দোসরদের পারপাস সার্ভ করছেন। এজন্য তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি।