মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন তারা।

এ সময় শাখা সেক্রেটারিয়েট সহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে সবাই মিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে অদম্য জবিয়ান প্যানেলের এজিএস পদপ্রার্থী ও আপ বাংলাদেশের জবি শাখার মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, মহান বিজয় দিবসে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য জুরাইন কবরস্থানে গিয়েছিলাম। এসময় আমরা সাদেক হোসেন খোকা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কবরের পাশাপশি জুলাই যোদ্ধাদের কবরও জিয়ারত করি।

প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিজয়ের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন মহান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন বা পরবর্তীতে মারা গিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হচ্ছে দোয়া। তাই আমরা ফজরের নামাজের পর জুরাইন কবরস্থানে যাই। সেখানে আমরা তাদের কবর জিয়ারত করি।