জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের ছাদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদ এবং জাবিসাসের সভাপতি মেহেদী মামুন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা সত্য তুলে ধরতে কাজ করেছেন।”
জাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “গণমাধ্যম জাতির দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁদের সম্মান জানাতেই এ আয়োজন।”
ইফতার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।