সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৫ জন কৃতি শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ (পিএসএ) অর্জন করেছেন। বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের অধীনে ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় তারা এই অনন্য গৌরব অর্জন করেন।

কৃতী এই পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্র ও দুই জন ছাত্রী। তারা হলেনÍ সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরাইয়া মোর্শেদ ও আফিয়া মুর্শিদা মায়িশা এবং মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাইফুল্লাহ আহম্মেদ সিজান, তানভির আহম্মেদ সিয়াম, তৌফিক এলাহী সাফিক।

গত ৯ মার্চ বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের সম্পাদক মোঃ সাইফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন কোনো আকস্মিক সাফল্য নয়; এটি বছরের পর বছর ধরে চলা কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং সমাজসেবার নিরবচ্ছিন্ন ফসল। একজন স্কাউটকে আঞ্চলিক পর্যায়ে পৌঁছাতে উপজেলা এবং জেলার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক পর্যায়ের কঠোর পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণের পর জাতীয় পর্যায়ে লড়তে হয় তাদের।

প্রতিটি স্তরেই তাদের লড়তে হয়েছে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায়। বাধ্যতামূলকভাবে সাঁতারের পাশাপাশি অর্জন করতে হয়েছে বিভিন্ন পারদর্শিতা ব্যাজ। যার মধ্যে রয়েছেÍ প্রাথমিক চিকিৎসা, ক্যাম্পিং, পরিবেশ সুরক্ষা, রান্না, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজসেবা এবং নেতৃত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনমুখী শিক্ষা।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া মোর্শেদ এদিন প্রতিবেদককে বলেন, এই স্বীকৃতি আমার জন্য যেমন চরম গর্বের, তেমনি আগামীর জন্য এক বিশাল দায়িত্ব। আমি আমার এই অর্জন উৎসর্গ করছি আমার প্রাণপ্রিয় শিক্ষক, স্কাউট লিডার ও অভিভাবকদের প্রতি। ভবিষ্যতে আমি কৃতিত্বের সাথে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই।

স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন-পাওয়েল বলেছিলেন, ‘পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো’। সারিয়াকান্দির এই ৫ শিক্ষার্থী যেন সেই বাণীরই প্রতিফলন ঘটিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম চরাঞ্চল ও যমুনা পাড়ের প্রতিকূল পরিবেশ জয় করে শিক্ষার্থীদের এই সাফল্য উপজেলার অন্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।