রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ সুন্দর করতে হলে কুরআনুল কারিমকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘদিনের চলে আসা অনিয়ম, অরাজকতা ও দুর্নীতিমুক্ত সুন্দর দেশ গড়তে হলে এর বিকল্প নেই।
রাবি’র সিনেট ভবনে শিক্ষক ও গুণীজনদের নিয়ে গত বুধবার আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রাবি ভিসি প্রফেসর সালেহ হাসান নকীব। অতিথিদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর মো. মাইনউদ্দীন, প্রোভিসি (একাডেমিক) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের ডিন প্রফেসর মো. বেলাল উদ্দীন, রাবি রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ। আলোচনায় অধ্যাপক মুজিবুর রহমান এমপি আরো বলেন, বিপুল উৎসাহ নিয়ে জনগণ গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করছেন। কিন্তু বিএনপি সরকার এটা আমলে না নিয়ে জুলাই বিপ্লবের চেতানার বিরুদ্ধ কাজ করছে। এটা ভালো লক্ষণ নয়। ইফতারে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও গুণীজনরা।