দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজমান।
এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেরই অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনায় বৃষ্টির পরিমাণ কমে আসবে।
আগামী ২২ ও ২৩ মার্চ আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সপ্তাহের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।