রাজধানীর আকাশে ধোঁয়াটে চাদর যেন স্থায়ী রূপ নিয়েছে। টানা বৃষ্টি না থাকায় বাতাসে জমে থাকা ক্ষতিকর কণার ঘনত্ব আরও বেড়েছে। ফলে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে আবারও শীর্ষ তালিকায় উঠে এসেছে ঢাকা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে প্রকাশিত বায়ুগুণমান সূচকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, ৩২২ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ছিল ঢাকা। এ মাত্রাকে সংস্থাটির মানদণ্ডে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় ৪০৬ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানও ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২১২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি; শহরটির স্কোর ২০৮। এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতারের দোহা।
আইকিউএয়ারের তথ্য বলছে , বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন দূষণ বাড়ায়। বৃষ্টি হলে বাতাসের ভাসমান কণা কিছুটা কমে এলেও দীর্ঘ সময় বৃষ্টি না থাকলে দূষণের মাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।