এম এ আর মশিউর যশোর, যশোর সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন, তাপদাহ বৃদ্ধি ও জনজীবনের সংকট মোকাবেলায় তাপদাহে যশোর পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক নাগরিক ভাবনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) মাননীয় সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ গ্রাম থেকে শহর সবখানেই স্পষ্ট। অতিরিক্ত তাপদাহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বেশি বেশি গাছ লাগানো, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. কাজী মোঃ বরকত আলী, মিজানুর রহমান খান, ড. মাহবুবুর রহমান, রাফে সালমান রিফাত, মোঃ আতিকুর রহমান, ফারিহা সুলতানা অমি এবং মোঃ নুরুজ্জামান।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও দিন দিন প্রকট আকার ধারণ করছে। যশোর অঞ্চলে তীব্র তাপদাহ, খরা, পানির সংকট এবং পরিবেশের ভারসাম্যহীনতা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। তারা স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, খাল-বিল ও জলাধার সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না; সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই তাপদাহ ও জলবায়ু সংকট মোকাবেলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবু সাঈদ মোহাম্মদ সোহেল বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবেলায় এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে সংকট আরও গভীর হবে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণই পারে একটি সবুজ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মু. মাহদী হাসান। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।