সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ইলোরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে শরীয়তপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, পালং মডেল থানাধীন পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। সেখানে মন্টুকে না পেয়ে তার স্ত্রী ইলোরাকে আটক করা করে তারা।
অভিযানে ওই বাড়ি থেকে একটি শটগান, ৭১ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সীম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।