বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মান ও একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে বিজয়ী করার জন্য আহবান জানিয়েছেন।
আজ (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে দেবিদ্বার সোসাইটি ঢাকার উদ্যোগে ঢাকায় বসবাসরত দেবিদ্বার বাসীদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোসাইটির সভাপতি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সোলায়মান কবির মাসুমের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্বা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে দেবিদ্বারকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত হিসেবে গড়ে তুলবেন। দেবিদ্বারে শিক্ষার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক অবকাঠামোকে আধুনিকায়ন করে দেবিদ্বারকে মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, দেবিদ্বার জামায়াতের পৌর আমীর ফেরদাউস আহমদ, দেবিদ্বার সোসাইটির সহ সভাপতি ডা. মুহাম্মদ নূরুল্লাহ, মুহাম্মদ জসিম উদ্দিন রাসুলী, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান । এছাড়াও অনুষ্ঠানে দেবিদ্বারের গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।