পাবনা সংবাদদাতা : জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, চিকিৎসকদের শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করতে হবে। তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পাবনার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও চিকিৎসা পেশায় নবাগত ডাক্তারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। রোববার, ১২ এপ্রিল সন্ধ্যায় শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পাবনা জেলা শাখার সভাপতি ডক্টর মাসুদ রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাক্তার এ এস এম কুতুব উদ্দিন আউয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ডাক্তার জাহাঙ্গীর হোসেন, পাবনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার কামাল ওসমান, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাক্তার মো. লুলু ওয়াল মারজান, ডাক্তার ফখরুল হাসান, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর পক্ষে রফিকুল ইসলাম, ওমর ফারুক, ডাক্তার আব্দুল বাতেন মোল্লা অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “একটি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন নির্ভর করে দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির ওপর। নতুন প্রজন্মের চিকিৎসকদের শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করতে হবে। রোগীর প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধই একজন চিকিৎসককে মহান করে তোলে।”

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাগত চিকিৎসকদের এই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়, এটি একটি মানবসেবার ব্রত। নতুন চিকিৎসকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে নিজেদেরকে আপডেট রাখার পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

সেমিনারে বিভিন্ন চিকিৎসা বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারী চিকিৎসকরা স্বাস্থ্যখাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।