ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে হাম রোগের সংক্রমণ। জেলায় ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে মৃত্যুও কোনো ঘটনা ঘটেনি। আক্রান্ত হয়েছে ১০৪ জন। হামের প্রাদূর্ভাব রুখতে আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জনডা: মো: আনিছুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম।
সম্মেলনে সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমান জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় সর্ব মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলায় মোট ৪৭ হাজার ৭২৬ জন, ঠাকুরগাঁও পৌরসভায় ৯ হাজার ৪০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২২ হাজার ৮২৮ জন, রানীশংকৈল উপজেলায় ২১ হাজার ৯৭৭ জন, রানীশংকৈল পৌরসভায় ২ হাজার ২০ জন, পীরগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৯৯০ জন, পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৮১৪ জন এবং হরিপুর উপজেলায় মোট ১৮ হাজার ১১৬ জনকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে।
এর মধ্যে জেলায় কমিউনিটি তে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ২৮ হাজার ৪০৯ জন এবং ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা মোট ১৪ হাজার ১০২ জন হাম রুবেলা টিকার তালিকায় রয়েছে। জেলায় স্থায়ী-অস্থায়ী মিলে সর্বমোট ১ হাজার ৩৬৩ টি টিকাদান কেন্দ্রে এ টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।