সংযমের মাস মাহে রমজান। রোজা বা সিয়াম সাধনার মাধ্যমে আত্মিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্যগত উন্নয়ন বিশেষ করে ওজন ও পেটের চর্বি কমানোরও বিশেষ সুযোগ রয়েছে। তবে রোজা রেখে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হলে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও সংযমি হতে হবে। ইফতারে ভাজাপোড়া বর্জন করে সুষম খাবার গ্রহণ, প্রচুর পানি পান এবং সেহরিতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারবার খান, চিনিযুক্ত পানীয় পরিহার করুন এবং প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন- শাকসবজি, ফলমূল, মাছ-মাংস ও সালাদ খাদ্যতালিকায় রাখুন।
ওজন কমানোর কার্যকরী উপায়সমূহ:
ইফতার: ১-২টি খেজুর ও ডাবের পানি বা লেবুর শরবত (চিনি ছাড়া) দিয়ে রোজা ভাঙুন। ভাজা পোড়া না খেয়ে সেদ্ধ ছোলা, সবজির স্যুপ, বা সালাদ খান।
রাতের খাবার: ইফতারের ২-৩ ঘণ্টা পর হালকা খাবার খান, যেমন- লাল চালের ভাত বা রুটি, সাথে এক বাটি সবজি ও ১ পিস মাছ/মাংস।
সেহরি: পেট ভরে না খেয়ে পুষ্টিকর খাবার খান। ওটস, রুটি, দুধ, শাকসবজি ও পর্যাপ্ত পানি বা ডাবের পানি সেহরিতে রাখা ভালো।
পানি পান: ইফতার থেকে সেহরি পর্যন্ত ২-৩ লিটার পানি পান করুন, যা শরীর আর্দ্র রাখতে ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
বর্জনীয়: চিনি, ভাজাপোড়া (পেঁয়াজু/বেগুনী), ফাস্ট ফুড এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি এড়িয়ে চলুন।
ব্যায়াম: ইফতারের পর বা সেহরির আগে ৩০ মিনিট হালকা ব্যায়াম বা দ্রুত হাঁটা ওজন কমাতে দ্রুত সাহায্য করে।
পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখুন এবং সেহরিতে সহজপাচ্য খাবার খান।