সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফমহদী এলাকায় এক ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “ক্রিয়েটিভ টিম বিডি” এ উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার(১০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চর্মরোগ, এলার্জি, শ্বাসকষ্ট ও অ্যাজমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং বাত ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদুল্লাপুরের কৃতি সন্তান ডা. মোঃ ফজলে রাব্বী আকন্দ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এমসিজিপি-মেডিসিন)। চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে।
ক্যাম্পে আগত রোগীদের প্রতি আন্তরিকতা ও যত্নসহকারে চিকিৎসা প্রদান করে তিনি সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেন। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী ও প্রশংসনীয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।