শেরপুরে একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেল মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে ডিজেলগুলো শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। যেহেতু এটি দাহ্য পদার্থ, তাই আবাসিক বিল্ডিংয়ে থাকা মানুষের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেল সরানোর সময়ও আমাদের নজরদারি থাকবে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্স যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।