ভোলা জেলা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা, ভোলা জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও হাজারো ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি
অধ্যক্ষ মোস্তফা কামাল শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না—তিনি ছিলেন ভোলার মানুষের কাছে এক “মজলুম জননেতা”। স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার বড় ছেলে প্রাণ হারিয়েছেনÑ যা তার জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করে। এছাড়া নিজ প্রতিষ্ঠিত এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায়ও তিনি রাজনৈতিক পরিচয়ের কারণে বেতন-ভাতা থেকে বঞ্চিত ছিলেন।
আমীরে জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন সংগঠনটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল রোববার তার ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে জামায়াত আমীর বলেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। আজ (রোববার) দুপুর ২:১২ মিনিটে মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জন্য দোয়া করে তিনি লেখেন, রাব্বুল কারীমের সাথে তাঁর এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তাঁর করা আমলের ওপর সীমাহীন বারাকাহম-িত হোক। আল্লাহ রাব্বুল আলামীন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)-কে তাঁর আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তা’আলা তাঁর নিজের অভিভাবকত্বে কবুল করুন। পরিবার, আপনজন, শুভাকাক্সক্ষী এবং সকল সহকর্মীদেরকে রাব্বুল আলামীন সবরে জামিল আ’তা করুন। আমিন।
শোকের ছায়া সর্বত্র
তার মৃত্যুতে ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার মো. জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আলহেরা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, নীতিবান ও আদর্শিক নেতা। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম ভোলার মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
আজ ভোলার বাতাস যেন ভারী হয়ে উঠেছে শোকে। নীরব অশ্রুতে বিদায় জানাচ্ছে এক প্রিয় নেতা, একজন অভিভাবক, একজন আলোকবর্তিকাকেÑ যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।