ফ্রান্সের প্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম : ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখা।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানী প্যারিসের ১০ম অ্যারোঁদিসমঁর একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ ও নির্বাহী সদস্য সাকিব হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের এনসিপি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী।
সভায় অতিথির বক্তব্যে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, জুলাইয়ের সকল শক্তিকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পথ চলতে চায়। বিএনপি সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর বলেন, নতুন সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা করলে আমরা সবাইকে নিয়ে এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করব। জুলাই প্রশ্নে ছাড় দেওয়া হবে না।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ড. আব্দুল মালেক ফারাজী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ,সমাজকর্মী মোহাম্মদ ফয়সাল আহমেদ ও ওয়াদুদ তানভীর, তরুন চিন্তক আজিমুল হক খান, এনসিপির কেন্দ্রীয় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক’ কমিটির সদস্য ইশতিয়াক আকিব, বাংলাদেশি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম ভুঁইয়া-সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এনসিপি ফ্রান্স শাখার আহবায়ক বলেন, আমরা বাংলাদেশে দীর্ঘদিন একসাথেই নির্যাতনের শিকার হয়েছি ফ্যাসিস্ট আমলে। এখন বাংলাদেশের ক্ষমতায় যারা আছেন এবং বিরোধী দলে আছেন, সবার মাঝে সখ্যতা গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
এসময় জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে বক্তারা পুরনো সংবিধানের সমালোচনা করেন। তারা সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, পুরনো সংবিধানের আলোকে আবারও ফ্যাসিস্ট তৈরি হোক, তা আমরা চাই না। তাই শত বাধার পরও সংবিধান সংস্কার, আইন-প্রশাসন সংস্কার এবং শিক্ষাব্যবস্থা সংস্কার না হলে বারবার জুলাই ফিরে আসবে। আমাদের আবারও জীবন দিতে হবে।
কমিউনিটি ব্যক্তিত্ব সোস্যাল এক্টিভিষ্ট মোহাম্মদ জাকির হোসেনের দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে ইফতার গ্রহণ পর্ব শুরু হয়।