ফ্রান্সের প্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম : ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সম্মানে ' এফবিজেএ ইফতার ২০২৬'এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উত্তর প্যারিসের শহরতলি পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএ সদস্য এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, ইউরো বার্তা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন এবং এনসিপির সংস্কার বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিএইচডি গবেষক ইশতিয়াক আকিবসহ আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিসিএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম, সমাজকর্মী ও আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত, আজহার আহমেদ এবং সমাজকর্মী জামিল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিজেএ-এর সদস্য তানভীর আহমেদ তোহা। সংগঠনের গত এক বছরের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন সহ-মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, হাবিবুল্লাহ ফাহাদ, ইয়াসির আরাফাত (ফ্রান্স প্রতিনিধি, বাংলাভিশন), সর্দার হাসান ইলিয়াস তানিম (ফ্রান্স প্রতিনিধি, দৈনিক যুগান্তর) এবং মুমিন আনসারী (ফ্রান্স প্রতিনিধি, ডেইলি সান ও বাংলা নিউজ২৪.কম)।

বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তারা রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এফবিজেএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন। পরবর্তীতে মাগরিবের নামাজ আদায় এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।