মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ঘটনা অব্যাহত রয়েছে। 

সর্বশেষ সোমবার (২৩ মার্চ) একদিনেই ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী ৩টি আগমন ফ্লাইট বাতিল করা হয়। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি বহির্গমণ ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে ৬টি আগমন এবং ৫টি বহির্গমণ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর অনিশ্চয়তা এখনো কাটেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে সোমবারের ৭টি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।