গতকাল বুধবার সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ব-পরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ সময় তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তিনি সম্মানিত আমীরে জামায়াতের সঙ্গে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন।
ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলকে আমন্ত্রণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উদ্যোগে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র গ্রহণ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সালাম জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। প্রেস বিজ্ঞপ্তি।